ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে সংঘর্ষে স্থগিত হওয়া সেই ভোটকেন্দ্রে পুণরায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (৩০ জানুয়ারি) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা।
স্থগিতকৃত ওই কেন্দ্রে সাধারণ কাউন্সিলর পদে ৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে দায়িত্ব থাকা প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রকাশ কুমার বলেন, ‘শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে।’
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বোয়ালমারী পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষ হলেও নির্বাচন চলাকালীন বেলা সাড়ে বারোটার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের মধ্যেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে এক সংঘর্ষে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সহিংসতার এক পর্যায়ে ওই কেন্দ্রের ৭টির মধ্যে ৫টি ব্যালট বাক্স ছিনিয়ে নেয় উত্তেজিতরা। পরে একটি ব্যালট বাক্স উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারটি ব্যালট বাক্সের ব্যালট পেপার আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/এসজে