টাঙ্গাইলের ভুঞাপুর পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে
জানা যায়, শনিবার দুপুরের দিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাসুদুল হক মাসুদের লোকজন নৌকার স্লোগান নিয়ে ওই কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্র দখল করেন এবং একচেটিয়া নৌকায় জাল ভোট দিতে থাকেন। পরে পুলিশ আসলে তারা পালিয়ে যান। পরে পুলিশ ওই কেন্দ্র থেকে আওয়ামী লীগ নেতা তাহেরুল ইসলাম তোতাকে আটক করে।
পরে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এটিএম সামসুজ্জামান বলেন, এক দল লোক নৌকার মিছিল নিয়ে কেন্দ্রে প্রবেশ করে জাল ভোট দিতে থাকেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে তারা পালিয়ে যান। এ সময় নৌকা প্রতীকে কিছু সিল মারা ব্যালট পাওয়া গেছে বলে জানান তিনি। তবে তারা কি পরিমাণ ব্যালটে সিল মারেন তার তথ্য দিতে রাজি হননি এ নির্বাচনী কর্মকর্তা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা বলেন, নির্বাচনী কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে আটক করা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম