ময়মনসিংহের গৌরীপুরে পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় এ ঘটনার চিত্র ধারণ করায় এনটিভির ক্যামেরা ভাঙচুর এবং এনটিভির ক্যামেরাপারসন মাসুদ রানা ও ৭১ টিভির ক্যামেরাপারসন নুরুজ্জামানকে মারধর করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১ টার দিকে পৌরসভার শেখ লেবু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত সাংবাদিক মাসুদ রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে কয়েকজন ক্যামেরাপারসন সেটির ভিডিও ফুটেজ নিচ্ছিলেন। এসময় তাদের উদ্দেশ্য করে প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ ও পরে কয়েকজন দেশীয় অস্ত্রসহ দৌড়ে এসে মারপিট শুরু করে। এসে সাংবাদিক মাসুদ রানা মাথায়, পিঠে ও পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় এবং পায়ে জখম হয় সাংবাদিক নুরুজ্জামানেরও। সেইসাথে ভেঙ্গে ফেলা হয় এনটিভির ক্যামেরা।
এ বিষয়ে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের আহমেদ সিদ্দিকী বলেন, ঘটনা শোনামাত্রই পুলিশ, র্যাবসহ নিয়োজিত আইনশৃংখলা রক্ষাবাহিনির সদস্যরা ছুটে এসে কেন্দ্রের বাইরে যারা ছিল সবাইকে সরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷
নাজমুস সাকিব/বার্তাবাজার/ভি.এস