টেকনাফে আড়াই লক্ষাধিক পিস ইয়াবাসহ আটক ২, অধরা মূল হোতা!

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২লাখ ৬৩ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-৭।

শুক্রবার রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড় হাবির পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার।

আটককৃতরা হলেন-সদর ইউনিয়নের বড় হাবিরপাড়া এলাকার মৃত নজির আহমদের পুত্র আব্দুর রশিদ (৩৬) ও গোদারবিল এলাকার আব্দুর রহমানের পুত্র আব্দুল হামিদ (২৬)।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি মাশকুর রহমান জানান, ইয়াবা মজুদের গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি টিম টেকনাফ সদর ইউনিয়নের হাবির পাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হামিদ ও মোঃ আব্দুর রশিদ কে আটক করে। তার স্বীকারোক্তি মতে বাড়ির উঠানে মাটির নিছে লুকায়িত অবস্থায় ১ লাখ ৩৭ হাজার ৯০০ পিস ও রশিদের বোন জামাই ছৈয়দ আহমদের বাড়ির গোসলখানার স্লাবের নিচ থেকে ১লাখ ২৬ হাজার ৮০ পিস ইয়াবা বড়ি জব্দ করে।

এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এদিকে সূত্র জানায়, গত ২৪ জানুয়ারী মিয়ানমার থেকে ৫ লাখ পিছ ইয়াবার চালানটি আসে টেকনাফ পৌরসভার শিলবনিয়া পাড়ার রশিদের ছেলে রফিক, সদর ইউনিয়নের বড় হাবিরপাড়া এলাকার ইব্রাহীম, একই এলাকার নজির আহমদের পুত্র আব্দুর রশিদ উরুফে পরটা রশিদ, নাজির পাড়া মুজাহার মিয়ার ছেলে আত্মস্বীকৃত ইয়াবা কারবারী এনাম মেম্বার ও তার ভাগিনা একই এলাকার ইউনুছের ছেলে নুরুসহ এই পাঁচ জনের সিন্ডিকেটের কাছে। মিয়ানমার থেকে মাদকের চালানটি পাঠিয়েছিলো রফিকের শশুর। ওই দিন রাতে নুরু মাদকের চালানটি নাজির পাড়া এলাকায় তার হেফাজতে রাখে। পরের দিন রাতে রশিদ চালানটি দেশের অভ্যান্তরে পাচারের জন্য বড় হাবির পাড়া নিয়ে যায়। হামিদ এই সিন্ডিকেটের মাদক পাচারের নিজস্ব গাড়ি চালক।

সূত্রটি আরো জানিয়েছে, এনাম মেম্বার আত্মসমর্পণের আগ পর্যন্ত সিন্ডিকেটটি তার নিয়ন্ত্রনে ছিলো। আত্মসমর্পণের পর সিন্ডিকেটের নিয়ন্ত্রনের দায়িত্ব দেয়া হয় নূরু ও রফিকের কাছে। তবে এরা প্রত্যেকে বন্দুক যুদ্ধে নিহত হাজী সাইফুল করিমের সহযোগী ছিলো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর