গোলাপগঞ্জে সবকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার

বিরামহীন প্রচারণা শেষে বুধবার মধ্যরাতে শেষ হয়েছে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা। প্রচারণার সবকটি দিন জনগণকে প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়েছেন মেয়র-কাউন্সিলর প্রার্থীরা। এখন অপেক্ষা কে হচ্ছেন মেয়র, কাউন্সিলর নির্বাচিত। জানতে হলে অপেক্ষা করতে হবে আগামীকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত।

এদিকে আগামীকাল নির্বাচন উপলক্ষে সবকটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৪ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

চতুর্থ ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে ৪জন মেয়র প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত ১০জন মহিলা কাউন্সিলর প্রার্থী ও ৪৭জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রে ৬১টি বুথের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এতে মোট ২২ হাজার ৯শ ১৬ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ১১ হাজার ৬শ ৯৪ জন এবং মহিলা ভোটার ১১হাজার ৩শ ১৯ জন।

গোলাপগঞ্জ পৌরসভা রিটার্নিং কর্মকর্তা, জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফয়সাল কাদের জানিয়েছেন, সুষ্টভাবে নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, চার স্তরের নিরাপত্তার মধ্যে প্রতিটি কেন্দ্রে ১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

এছাড়া ২ প্লাটুন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে। সেই সাথে প্রতিটি ভোট কেন্দ্রে ১০জন করে পুলিশ সদস্য নিরাপত্তা দায়িত্ব পালন করবেন। পুলিশের সাথে ভোটকেন্দ্রে সহায়ক হিসেবে কাজ করবেন আনসার সদস্যরা। সেই সাথে ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকায় থাকবেন শতাধিক গোয়েন্দা পুলিশ ও মোবাইল টিম।

ফাহিম আহমদ/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর