লালমনিরহাটের হাতীবান্ধায় ভারত থেকে চোরাই পথে আসা ২৪টি গরু আটক করেছে পুলিশ ও বিজিবি। গত বৃহস্পতিবার গরুগুলো আটক করে হাতীবান্ধা থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র টহল দল।
জানা গেছে,ভারতীয় গরু চোরাই পথে বাংলাদেশে আসছে এমন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড়-দইখাওয়া সড়কের হাকিমের চাতাল এলাকায় অভিযান চালিয়ে হাতীবান্ধা থানা পুলিশ দ্বিতীয় পর্যায়ে ৭টি ভারতীয় গরু আটক করেন।এর আগে ভোর রাতে ওই উপজেলার দইখাওয়া বিজিবি ক্যাম্পের টহল দল আরো ৩টি ভারতীয় গরু আটক করেন।এরপর বৃহস্পতিবার মধ্যরাতের পর উপজেলার কারবালার দীঘি এলাকায় বুড়িমারী-লালমনিরহাট সড়কে ট্রাকসহ আরো ১৪টি গরু আটক করে হাতীবান্ধা পুলিশ।
পুলিশ জানায়,গরু চোরাচালান করার সময় স্থানীয় লোকজন দেখে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গরুসহ চোরাচালানকারীদের আটক করে হেফাজতে নেয়।
এদিকে, ভারতীয় গরুর চাপে দেশি গরুর খামারিরা বিপাকে পড়েছেন। খামারিরা জানায়,বেশিরভাগ ভারতীয় গরু রোগাক্রান্ত। তাদের অনেক গরু খুরা, এলার্জি, লেজ-পা ভাঙাসহ বিভিন্ন রোগে আক্রান্ত। এসব রোগাক্রান্ত গরু খাওয়াও ক্ষতিকর। এসব ভারতীয় গরুর চাপে দেশীয় খামারিরা অনেকেই গরু ব্যবসা বন্ধ করেছেন। বিজিবিসহ স্থানীয় প্রশাসন চাইলে ভারতীয় গরু আসা বন্ধ করতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, পুলিশি অভিযানে মোট ২১ টি ভারতীয় গরু আটক করা হয়েছে এবং বিজিবি আটক করেছে ৩টি। দুইধাপে পুলিশের আটককৃত ২১ টি গরুর কোন বৈধতা নেই। চোরাচালান করার সময় মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই বাংলাদেশী নাগরিক।
তারা হলো,আদিতমারী উপজেলার আব্দুর রাজ্জাক(৪২), বগুড়ার রমিত হাসান(২৩) ও ফারুক মিয়া(৩২), টাঙ্গাইলের রাজু মিয়া(৩২) এবং হাতিবান্ধা উপজেলার লিটন মিয়া(২৮)।
প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/এসজে