টনক নড়লো বাঁশখালী উপজেলা প্রশাসনের, অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কের দু’পাশে নিয়ম নীতিকে তোয়াক্কা না করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট। পটিয়া-আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়ক ও চট্টগ্রাম-কক্সবাজারের বিকল্প সড়ক বাঁশখালী প্রধান সড়কে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে গড়ে উঠা ভাসমান দোকানপাটের কারণে সড়কটি সরু হয়ে আসছে দিন দিন।

এতে নিত্য যানজট ও জনজট লেগে থাকে। প্রতিদিনই সড়কে দূর্ঘটনা সংঘটিত হচ্ছে। ফুটপাত জবর দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তারের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

বাঁশখালী প্রধান সড়কের পৌরসভার মিয়ার বাজার থেকে বৈলছড়ি বাজার পর্যন্ত প্রথম বারের মতো সড়কের দু’পার্শ্বে প্রায় তিন কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে শুক্রবার (২৯ জানুয়ারী) সকাল ১০টায় পৌরসভার মিয়ার বাজার এলাকা থেকে এ অভিযান শুরু হয়। সড়কের মিয়ার বাজার থেকে বৈলছড়ি বাজার এলাকায় বেলা ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অর্ধ-শতাধিক ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। এ অভিযান পুরো প্রধান সড়ক জুড়ে অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।

তিনি আরও জানান, শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযান কাজ চলছে। এ অভিযানে প্রধান সড়কের দু’পার্শ্বে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হবে। অভিযান চলাকালে বাঁশখালী থানা পুলিশের টিম, ভূমি অফিসের অন্যন্য কর্মকর্তা ও চৌকিদার উপস্থিত ছিলেন।

বেলাল/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর