ফরিদপুরে কুকুরের কামড়ে নারীসহ গুরুতর আহত ৬

ফরিদপুরের চরভদ্রাসনে পাগলা কুকুরের কামড়ে ৬ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকালে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক সবাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

আহতরা হলো- উপজেলা সদরের বিএস ডাঙ্গী গ্রামের তোতা বেপারীর স্ত্রী রাহেলা বেগম (৪৭), শেখ মিন্টুর ছেলে শেখ আল-আমিন (২০), উসমান গনির শিশুপুত্র মোকাদ্দেস (৪), এমকে ডাঙ্গী গ্রামের মোস্তফা মন্ডলের স্ত্রী সুফিয়া বেগম (৪৫) ও পার্শ্ববতী চররামনগর গ্রামে ইটভাটার শ্রমিক বিল্লাল হোসেন (৩২) ও আমিনুল ইসলাম (২৭)।

জানা যায়, ঘটনার দিন দুপুরে বিএস ডাঙ্গী গ্রামের তোতা বেপারীর বসতবাড়ীতে উঠে একটি পাগলা কুকুর গৃহিনী রাহেলা বেগমকে এলোপাথারী কামড়িয়ে গুরুতর আহত করার পর একের পর একে একে আল-আমিন ও শিশু মোকাদ্দেছকে আহত করে। পরে ওই পাগলা কুকুরটি ছুটে গিয়ে পার্শ্ববতী এমকে ডাঙ্গী গ্রামের আরেক গৃহিনী সুফিয়া বেগমকে কামড়িয়ে আহত করার পর এলাকাবাসী ধাওয়া করে কুকুরটি মেরে ফেলেন। একই দিন অপর এক পাগলা কুকুর রামনগর গ্রামের দুই শ্রমিককে কামড়িয়ে গুরুতর আহত করার পর উধাও রয়েছে।

এ ব্যপারে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন জানান, ‘আহত রুগীদের শরীরের বিভিন্ন অংশে কুকুরে এতো বেশী পরিমান ক্ষত করেছে যে, অত্র হাসপাতালে আহতদের চিকিৎসা করা সম্ভব হয়নি।’

মিয়া রাকিবুল/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর