জয়পুরহাটের পাঁচবিবিতে সংবাদ প্রকাশের জের ধরে একদল সন্ত্রাসী সংবাদ সংস্থা পিবিএ ও দৈনিক দেশমা পত্রিকার সাংবাদিক বাবুল হোসেনের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী ঐ সাংবাদিক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ শে জানুয়ারী) “পাঁচবিবিতে গার্মেন্টস কর্মীকে ধর্ষনের অভিযোগে ইউপি সদস্যসহ ২জন আটক” এই শিরোনামে একটি খবর সংবাদ সংস্থা পিবিএ ও দৈনিক দেশ মা পত্রিকাসহ ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়ায় প্রকাশ পায়। এই ঘটনার জের ধরে উপজেলার নন্দইল গ্রামের কামরুল ইসলামের ছেলে জাহিদ হোসেন (২০) সহ অজ্ঞাতনামা ৭/৮জন সন্ত্রানী বাহিনী মোটরসাইল নিয়ে সাংবাদিক বাবুল হোসেনের বাড়িতে যায়।
এসময় বাড়িতে সাংবাদিক বাবুল হোসেনকে না পেয়ে বাড়ির মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে এসে ধরঞ্জী বাজারে তার আইপিএম টেলিকম সেন্টার নামক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে।
শুক্রবার (২৯ জানুয়ারি) ভূক্তভোগী ঐ সাংবাদিক নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, সাংবাদিক বাবুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। সাংবাদিক হামলার নিন্দা জানাই এবং অতি সত্তর অপরাধীকে গ্রেফতার করা হবে।
অপরদিকে সাংবাদিক বাবুল হোসেনের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায়, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আজাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক দিলদার হোসেন, নির্বাহী সদস্য প্রদীপ অধিকারী, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম রহুল আমিন, সাধারণ সম্পাদক এস এস শামীম হোসেনসহ সাংবাদিক মহল এহামলার ঘটনায় তীব্র নিন্দা ও অপরাধীকে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন।
রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/এসজে