আবারও প্রত্যাহার কাদের মির্জার হরতাল ও সংবাদ সম্মেলন

নোয়াখালী-৪ আসনের সাংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর অপরাজনীতি, টেন্ডারবাজী, চাঁদাবাজী ও চাকুরী বানিজ্য সহ সকল প্রকার অপরাজনীতির বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে (পূর্ব ঘোষিত) আগামী রবিবার কোম্পানীগঞ্জে হরতাল ও মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) ঢাকায় সংবাদ সম্মেলনের ঘোষণা প্রত্যাহার করেন বসুরহাট পৌরসভার চতুর্থবারের মতো বিজয়ী নবনির্বাচিত মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বসুরহাট পৌরসভার রুপালী চত্বরে সংবাদ সম্মেলনে দলীয় হাই কমান্ডের নির্দেশে হরতাল ও সাংবাদিক সম্মেলন প্রত্যাহারের ঘোষনা দেন মেয়র আবদুল কাদের মির্জা।

এই সময় মেয়র কাদের মির্জা বলেন, আমাকে বহিষ্কার করলেও আমি অপরাজনীতির বিরুদ্ধে বলে যাবো। আমি অপরাজনীতি, টেন্ডারবাজী, চাঁদাবাজি ও চাকুরী বানিজ্য সহ সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি তাই আমি খারাপ হয়ে গেছি। আমরা কখনো অপরাজনীতির কাছে মাথানত করবোনা। দলের হাই কমান্ড থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে উনারা ব্যবস্থা নিবেন, উনারা দায়িত্ব নিয়েছেন তাই আমি কোম্পানীগঞ্জের হরতাল ও ঢাকায় সাংবাদিক সম্মেলন প্রত্যাহার করেছি।

এসময় তিনি চট্টগ্রাম সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে বলেন, তিন তিনটি মায়ের বুক খালি হয়েছে চট্টগ্রাম সিটি নির্বাচনে। এটা কোনো নির্বাচন হতে পারেনা। চট্রগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কমতি নেই তারপরও কেনো হত্যা, খুন, হানাহানির মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। আমরা এইরকম ভোট বাংলাদেশের কোথাও দেখতে চাইনা। নির্বাচন আমরাও করেছি বসুরহাটে, কিন্তু কোনো সাংবাদিক বলতে পারেনি কারো গায়ে একটি আচড় লেগেছে। প্রধানমন্ত্রী দেশে এত উন্নয়ন করেছে খুনা-খুনি করে ক্ষমতায় যাওয়ার জন্যে নয়। মানুষের সুখে-দুঃখে, বিপদে-আপদে এগিয়ে আসুন মানুষ আপনাদের ভালোবেসে নির্বাচিত করবে।

সাংবাদিক সম্মেলনে তিনি কোম্পানীগঞ্জের সকল চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী ইউনিয়ন নির্বাচনও হবে বসুরহাট পৌরসভার মত অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। কেউ যদি বিকল্প চিন্তা করেন ভূল হবে। টাকা দিয়ে ভোট কেনার চিন্তা বাদদিয়ে মানুষের ভালোবাসা অর্জন করার কঠোর নির্দেশ দেন মেয়র আবদুল কাদের মির্জা।

উল্লেখ্য, নোয়াখালী ৪ আসনের এমপি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ফ্যামিলিকে রাজাকারের ফ্যামিলি বলে কটুক্তি করায় কোম্পানীগঞ্জে হরতাল ও ঢাকায় সংবাদ সম্মেলনের ঢাক দিয়েছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর