রংপুরের পীরগাছায় সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাদের (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের নেছাব উদ্দিন বাজারে ঘটা এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গাবুড়া গ্রামের গফুর বাদশার সাথে একই গ্রামের বকুলদের জমি জমা নিয়ে বিরোধ চলছিলো। এর মিমাংসার উদ্দেশ্যে শুক্রবার দুপুরে উভয় পক্ষের লোকজন সালিশ বৈঠকে বসেন। এতে কথা-কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে বকুল ও তার লোকজন প্রতিপক্ষ গফুর বাদশার লোকজনের ওপর হামলা করে।
তখন গফুর বাদশার পিতা আব্দুল কাদের গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্সে ভর্তি করালে বিকেলের দিকে তার মৃত্যু হয়। এঘটনায় সাইদুল মন্ডল নামের এক জনকে আটক করে পুলিশ।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাশীষ কুমার রায় বার্তা বাজারকে নিশ্চিত করে বলেন, সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় কাদের প্রামাণিক নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তাবাজার/এসজে