মশার কয়েল থেকে আগুন, দগ্ধ হয়েছেন একই পরিবারের ৪ জন

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জে মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ হয়েছেন বাবা ও মেয়েসহ একই পরিবারের চারজন। তারা হলেন বাড়ির মালিক আব্দুল আলীম, তার মেয়ে শিউলি বেগম, দুই নাতনি তানজিলা ও জ্যোতি। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা চিতাশাল এলাকায় আব্দুল আলীমের বাড়িতে গতকাল সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল হক জানান, টিনের ঘরের দুটি রুমে মেয়ে ও দুই নাতনিকে নিয়ে বসবাস করেন আব্দুল আলীম। ভোরে মশার কয়েল থেকে আগুন তোশক ও মশারিতে ধরে যায়। এ সময় তারা সবাই ঘুমিয়ে ছিল। ফলে ওই পরিবারের চারজনই দগ্ধ হয়।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভায় এবং দগ্ধদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। সকালে খবর পেয়ে ফতুল্লার বিসিক ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুনের কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করে।

বার্ন ইউনিটের চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আগুনে দগ্ধ চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আগুনে আব্দুল আলীমের শরীরের ৪৮ শতাংশ, শিউলি বেগমের ৫৪ শতাংশ, তানজিলার ১৮ শতাংশ ও জ্যোতির ২৪ শতাংশ পুড়ে গেছে। বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম জানান, তদন্ত শেষে জানা যাবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর