কুড়িগ্রামে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন

কুড়িগ্রামের ফুলবাড়িতে কৃষি প্রণোদনা কর্মসূচির ২০২০-২১ এর আওতায় হাইব্রীড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(২৯ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কাশিপুর ইউনিয়নের বেষ্টদেব গ্রামে ৫০ জন কৃষকের ৫০ একর জমিতে চারা রোপনের উদ্বোধন করা হয়। প্রদর্শনী এ প্রকল্পটিতে হীরা ধান-৬ ও ব্যবিলন-২ জাতের বোরো ধান চাষ করা হচ্ছে। ধান রোপনের জন্য ৫০ শতক জমিতে ৪ হাজার ৫শ’ টি ট্রেতে ১৭০ কেজি হীরা ধান-৬ এবং ২৪০ কেজি ব্যবিলন-২ ধানের বীজতলা তৈরি করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আধুনিক ও যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের ব্যয় সাশ্রয় হওয়ার পাশাপাশি উৎপাদন বৃদ্ধি পাবে। তাই এ প্রযুক্তি কৃষকের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কৃষির বহুমূখীকরণে সকলকে এগিয়ে আসতে হবে।

কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দূর্বার এ শ্লোগানে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খামারবাড়ি কুড়িগ্রামের উপ পরিচালক কৃষিবিদ মো: মঞ্জুরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর