নির্বাচনে জানমালের ক্ষতি না করে অটোপাশের ব্যবস্থা করুন: জাপা মহাসচিব

জাতীয় পার্টি (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, চট্টগ্রামের সিটি নির্বাচনে দুই গরীব মায়ের বুক খালি হয়েছে। নির্বাচনে নৈরাজ্য, সহিংসতা, ভোট ডাকাতি ও জীবনহানি হয়েছে। সাম্প্রতিক সময়ে নির্বাচনগুলোর সমালোচনা করে তিনি শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন গঠন করার দাবি জানান। নইলে পরীক্ষা না নিয়ে যেভাবে এবার এইচএসসির অটোপাশের ব্যবস্থা করা হয়েছে, সেভাবেই নির্বাচনে জানমালের ক্ষতি না করে অটোপাশের ব্যবস্থা করে দিন।

শুক্রবার (২৯ জানুয়ারি) বাদ আছর জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জিএম কাদেরের শারিরীক সুস্থতার জন্য জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর শাখার দোয়া ও মিলাদ মাহফিলে বাবলু এসব কথা বলেন তিনি।

জাপা মহাসচিব বলেন, এরশাদের আমলে সন্ত্রাস, নৈরাজ্য, গুম, হত্যা ও চাঁদাবাজী ছিল না। তাই, মানুষ এখনো তার স্বর্ণালী যুগে ফিরে যেতে চায়। আগামী নির্বাচনে জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করে এরশাদের স্বর্ণালী স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই সবার প্রতি তিনি সচেতন হওয়ার আহ্বান জানান।

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ক্বারী হাবিবুল্লাহ বেলালী।

এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমানত হোসেন আমানত, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, তারেক এ আদেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, আনিস উর রহমান খোকন, এম এ রাজ্জাক খান, ক্রীড়া সম্পাদক ও জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন প্রমুখ।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর