এবার নিজের ছেলের ব্যবহারে ক্ষুব্ধ হলেন বলিউড গায়ক কুমার শানু। ‘বিগ বস ১৪’-র ঘরে যখন হাজির হন জান কুমার শানু, তখন থেকেই তাকে নিয়ে জল্পনা শুরু হয়। বিগ বসের ঘরে হাজির হয়ে নিকি তাম্বোলির সঙ্গে জান কুমার শানু বিবাদে জড়ালে আসরে নামেন কুমার শানু।
কুমার শানু বলেন, জানের জন্য তিনি যদি কিছু না করেন, তাহলে ছেলে যেন নিজের নামের পাশ থেকে কুমার শানু সরিয়ে ফেলেন। জান নিজের নামের পাশে রীতা ভট্টাচার্য (শানুর প্রথম স্ত্রী) যোগ করুন বলে দাবি করেন কুমার শানু। ওই ঘটনার পর থেকেই কুমার শানু এবং জান কুমারের সঙ্গে বিবাদ প্রকাশ্যে আসে। সম্প্রতি এ বিষয়ে ফের মুখ খোলেন কুমার শানু। কুমার শানু বলেন, জানকে তিনি ইন্ডাস্ট্রির বেশ কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
তার ছেলের কথা মতোই মহেশ ভাট, রমেশ তুরানিদের সঙ্গে জানের পরিচয় করান তিনি। বলিউডের হেভিওয়েট পরিচালক, প্রযোজকদের সঙ্গে পরিচয়ের পাশাপাশি নিজের বেশ কয়েকটি শোতেও তিনি জানকে নিয়ে যান। বেশ কয়েকটি শোয়ে ছেলেকে নিয়েই তিনি গান গাইতে ওঠেন। এর বেশি তিনি আর কী করতে পারেন বলে প্রশ্ন তোলেন কুমার শানু। এরপরই জান বলেন, হাজার হলেও কুমার শানু তার বাবা। যা হোক না কেন, দিনের শেষে তারা একই পরিবারের সদস্য। ফলে কোনো না কোনো ভাবে তাদের এই বিবাদ মিটে যাবে বলেও আশা প্রকাশ করেন জান কুমার শানু।
বার্তাবাজার/ভি.এস