চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে(চসিক) ১৯ লাখ ভোটারের মধ্যে প্রায় ১৫ লাখ ভোটারই ভোট দেয়নি। নির্বাচনে সব দলের অংশগ্রহনের সুযোগ না থাকায় ভোটারদের মধ্যে ভোট দেওয়া নিয়ে অনীহা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
যদিও নির্বাচন কমিশন বলছে, করোনা মহামারির কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে।
নানা রকম অভিযোগ, উত্তাপ আর সংঘাতের মধ্যেই গেল বুধবার(২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয় চসিক নির্বাচন। নির্বাচনে ১৯ লাখ ৩৮ হাজার ভোটার থাকলেও ভোট দিয়েছেন মাত্র ৪ লাখ ৩৫ হাজার। ২০১৫ সালের নির্বাচনে ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট পড়লেও এবার তা অর্ধেকেরও কমে নেমে এসেছে।
নির্বাচন কমিশনের হিসাবে, চট্টগ্রাম সিটি নির্বাচনে এবার ভোট পড়েছে ২২ দশমিক ৪৯ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার ১৫ শতাংশ কেন্দ্রে ভোট পড়েছে ৫ শতাংশের কম। ১০ শতাংশের কম ভোট পড়েছে ৩৩ শতাংশ কেন্দ্রে। ৩০ শতাংশ কেন্দ্রে ভোট পড়েছে ২০ শতাংশের বেশি। সামগ্রিকভাবে নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ কম থাকলেও রামপুরা ওয়ার্ডের অনেক কেন্দ্রে ভোট পড়েছে ৯০ শতাংশের বেশী। আবার সবচেয়ে কম ১/২ শতাংশ হারেও ভোট পড়তে দেখা গেছে পাশ্ববর্তী দক্ষিণ মধ্য হালিশহর এলাকায়। ভোটে জনগণের অংশগ্রহণ কম হওয়ায় পরষ্পরকে দুষছেন অংশগ্রহণকারী প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি।
বার্তাবাজার/পি