পাবনা সদর পৌরসভা নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করায় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ ও সাধারণ সম্পাদক আরমান হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও পাবনা সদর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা সদর পৌরসভা নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করায় পাবনা সদর উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইমরান শেখ এবং সাধারণ সম্পাদক মো. আরমান হোসেনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার এবং একই সঙ্গে পাবনা সদর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।
এ বিষয়ে জানতে চাইলে আরমান হোসেন সাংবাদিকদের বলেন, “অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করার আদর্শ নিয়ে ছাত্রলীগের রাজনীতি শুরু করেছিলাম। টাকার বিনিময়ে আদর্শ না বিকিয়ে, ত্যাগী ও আদর্শবান আওয়ামী লীগের পক্ষে থাকায় আামাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে।“
বার্তাবাজার/ভি.এস