কুয়াশা কেটে যাওয়ায় শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ভোর রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এছাড়াও সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল করেনি।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতের দিকে প্রচুর কুয়াশা পড়ায় নৌরুটে দূর্ঘটনা এড়াতে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রাখা হয়। পরে সকালে কুয়াশা কেটে গেলে নৌ চলাচল স্বাভাবিক হয়।
লঞ্চ ঘাট সূত্রে জানা গেছে, ‘সকাল নয়টা থেকে লঞ্চ চলাচল শুরু করেছে। এর আগে লঞ্চগুলোতে যাত্রী উঠিয়ে ঘাটেই অপেক্ষা করা হচ্ছিল কুয়াশা কমার জন্য।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক জামিল হোসেন জানান, ‘সকাল সাড়ে নয়টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।’