কুড়িগ্রাম জেলা সদরে এক কৃষকের শসার ক্ষেত নষ্ট করে দেয়ার ঘটনা ঘটেছে। সদর উপজেলার হলো খানা ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামের সৈয়দ আলী (৪৫) নামের এক কৃষকের ক্ষেতে ঘটেছে এমন ঘটনা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খায়রুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা বার্তা বাজারকে জানান, কৃষক সৈয়দ আলী গরীব ও অসহায়, তার নিজের ভিটে মাটি ছাড়া কোন আবাদি জমি নেই। আয়ের অন্য কোন উৎস না থাকায় প্রতি বছরের ন্যায় এ বছরেও ছয় হাজার টাকা দিয়ে ২০ শতক জমি লিজ নিয়ে শসা চাষ করেছেন। আশা ছিল এ শসা বিক্রি করে নিজের সংসার পরিজন নিয়ে ভালো থাকবেন। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করেছে দূর্বৃত্তরা। গভীর রাতে শসা ক্ষেতের সব গাছ উপড়ে ফেলেছে নষ্ট করে দিয়েছে সম্পূর্ন শসার ক্ষেত।
ক্ষতিগ্রস্থ শসা চাষী সৈয়দ আলী বার্তা বাজারকে বলেন, মোর সর্বনাশ করছে। একটা শসার গাছও রাখে নাই, সব উপড়ে ফেলেছে। মুই গরীব মানুষ, মোর টাকা পয়সা নাই। কোথায় যাইম, কার কাছে বিচার চাইম।
কান্না জড়িত কন্ঠে বার্তা বাজারকে আরো বলেন, টাকা না থাকায় শসার পাইকার রফিকুল মহাজনের কাছ থাকি ১৫ হাজার টাকা অগ্রিম নিছে। এখন শসা নাই কি দিয়ে ট্যাহা পরিশোধ করিম। এনজিও থাকি ঋন করা ছাড়া ট্যাহা পরিশোধের কোন উপায় নাই।
হলো খানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ উমর আলী বার্তা বাজারকে বলেন, ভেড়ভেড়ী গ্রামের সৈয়দ আলীর শসা ক্ষেত নষ্ট হওয়ার কথা শুনেছি। ক্ষেতের সাথে প্রতিহিংসা এটা কোন সভ্য মানুষের কাজ হতে পারে না। দূর্বৃত্তদের চিহ্নিত করে কঠিন বিচারের ব্যবস্থা করা উচিত।
কুড়িগ্রাম সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ শাহরিয়ার বার্তা বাজারকে জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
সুজন মোহন্ত/বার্তাবাজার/এ.আর