আশ্রয়ণ প্রকল্পের কাজে অনিয়ম: চেয়ারম্যানের নেতৃত্বে ‘বার্তা বাজার’ প্রতিনিধির ওপর হামলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গৃহহীনদের জন্য দুর্যোগসহনীয় ঘরনির্মাণে অনিয়ম-দুর্নীতি ও নিম্নমানের উপকরণ ব্যবহারের সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বার্তা বাজারের প্রতিবেদক মোঃ আক্তারুজ্জামান। এ সময় তার কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় হামলাকারীরা।
জানা যায়, উপজেলার বড়িকান্দি ইউনিয়নে ৯০ পরিবারের জন্য ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে নিম্নমানের সামগ্রী দিয়ে গৃহ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও উপজেলা প্রশাসন। এ খবর পেয়ে গতকাল আক্তারুজ্জামান ঘটনাস্থলে ছুটে যায় এবং নিম্নমানের সামগ্রী পেয়ে তা মোবাইল ফোনে ধারণ করে।
বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে আরো কিছু তথ্য সংগ্রহ করতে গেলে বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার পারভেজ হারুত ও তার সহযোগীরা তাকে দেখেই তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ি ফিরে সাংবাদিক আক্তারুজ্জামান।
এ বিষয়ে প্রকল্পের সুপার ভিশন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগের দিন অনিয়মের বিষয়টি শুনে তা ভেঙে পূনরায় কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ একরামুল ছিদ্দিক বার্তা বাজারকে বলেন, চেয়ারম্যান একজন সাংবাদিক এর গায়ে হাত দিতে পারে না।মাননীয় সংসদ সদস্য বিষয়টি শুনেছেন। আমরা দ্রুত এই বিষয়ে কার্যকরী একটা ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার/বিঘ্নযোগ টিম