চসিক নির্বাচনঃ হামলার শিকার প্রিজাইডিং অফিসার

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে হামলার শিকার হলেন প্রিজাইডিং অফিসার।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডে মোহাম্মদ মাঈনুদ্দিন নামে এক প্রিজাইডিং অফিসারের উপর হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, ৩৪ নং রামপুর ওয়ার্ডের পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মাঈনুদ্দিন। এসময় অতর্কিত একদল লোক ঢুকে পড়ে কেন্দ্রের ভেতর।

তারা বুথে ঢুকে ভোটারদের ভোট দিতে বাধা দেয়। এ নিয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও অন্যান্যদের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় বহিরাগত ওই দলটির কয়েকজন ধারালো ছুরি বের করে হামলা চালায়।

এতে প্রিজাইডিং অফিসার মাঈনুদ্দিন হাতে আঘাত পেলে রক্তাক্ত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং অফিসার মাইনুুুুদ্দিন বলেন, ‘একদল বহিরাগত অতর্কিত হামলা চালিয়েছে।’ এর বেশি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।

এর আগে নগরীর বিভিন্ন কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে। বুধবার (২৭ জানুয়ারী) সকালে আমবাগান এলাকায় প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে আলাউদ্দিন নামে একজন নিহত হওয়ার ঘটনা ঘটে। এছাড়া লালখান বাজারে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও ৪ নং চান্দগাঁও ওয়ার্ডে আওয়ামী লীগের কেন্দ্র সচিব শাহাবুদ্দিন সান্টুকে (৪৫) বিএনপি কর্মীরা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর