চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বুধবার(২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে নগরীর বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার কিছুক্ষণ আগে তিনি ভোট দেন। ভোট দেওয়ার পর জনগণের রায়ে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
উৎসবমুখর পরিবেশে চলছে চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক) নির্বাচনের ভোটগ্রহণ। এ ভোটগ্রহণ ইভিএমে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ৮ থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় নগরবাসীকে।
শুরুর দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে শুরু করেছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রে কেন্দ্রে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মেয়র পদে ৭ জন ও কাউন্সিলর পদে ২২৯ জন প্রার্থী আছেন ভোটের মাঠে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী।