নৌকার বিরুদ্ধে কাজ করায় এমপির স্ত্রীসহ ৭ নেতাকে বহিষ্কার

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করার অভিযোগে এমপির স্ত্রীসহ ৭ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নড়াইলের কালিয়া পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা। দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির স্ত্রী উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক চন্দনা হকসহ উপজেলা ও ইউনিয়ন আ.লীগের সাত নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উক্ত নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগে কালিয়া উপজেলা আওয়ামী লীগ ও দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কর্তৃক জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো অভিযোগসমূহ সরেজমিনে অনুসন্ধান সাপেক্ষে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে সংগঠনের ৪৭ এর ঠ অনুচ্ছেদ মোতাবেক সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত অন্য নেতারা হলেন- কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সরদার মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশ্বনাথ স্বর্ণকার, যুগ্ম-সম্পাদক নাজমুল হক প্রিন্স, ইলিয়াসাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোল্যা সেকেন্দার আলী, সালামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল আওয়াল ও হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী গোলাম মোহাম্মদ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর