সাকিব-তামিমদের সতর্ক করলেন পাপন

আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে শুরু হয়েছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ। সুপার লিগের শীর্ষে থাকা ৮ দল সরাসরি বিশ্বকাপে অংশ নিতে হবে।

বাকি দলগুলো থেকে ২ দলকে বাছাইপর্বে লড়ে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে। এজন্য আগামী দুই বছর সবগুলো ওয়ানডে ম্যাচই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশের সুপার লিগের যাত্রা শুরু হয়েছে।

প্রথম দুই ওয়ানডের দুইটিতেই জিতেছে টাইগাররা। ২০ পয়েন্ট নিয়ে সুপার লিগের পয়েন্ট টেবিলের তিনে আছে তারা। আগামীকাল সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুইদল। এই ম্যাচ জিতলে আরও ১০ পয়েন্ট পাবে বাংলাদেশ দল।

আর এই ১০ পয়েন্ট পেতে মুখিয়ে আছে বাংলাদেশ দল। প্রতিটি ম্যাচই বাংলাদেশকে জয়ের জন্য খেলতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ওয়ানডে লিগ শুরু হয়েছে। আমরা ২ ম্যাচ জিতে ২০ পয়েন্ট পেয়েছি। সামনে আমাদের অনেক ম্যাচ আছে। সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বিশ্বকাপ খেলতে আমাদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সবগুলো ম্যাচ গুরুত্বের সঙ্গে দেখছি।

দেশের মাটিতে বাংলাদেশ শক্তিশালী হলেও দেশের বাইরে টাইগারদের পারফরম্যান্স গড়পড়তা তা মনে করিয়ে সতর্ক করলেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, শক্তিশালী দলগুলোর বিপক্ষে আমাদের বাইরে খেলা। দেশের বাইরে আমরা ম্যাচ জিতেছি কিন্তু সিরিজ জিতেছি কম। সেদিক থেকে আমাদের খুব মনোযোগী থাকতে হবে এবং জিততেই হবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর