আলফাডাঙ্গায় ছিনতাই হওয়া টাকা উদ্ধার, আটক ২

ফরিদপুরের আলফাডাঙ্গায় জেমসন ইন্টারন্যাশনাল বিকাশ ডিস্ট্রিবিউশন কোম্পানির ছিনতাই হওয়া নয় লক্ষ টাকার ভিতরে তিন লক্ষ টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুরে এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ১০ জানুয়ারি জেলার আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া হাওড়ের ব্রিজ হতে অনুমান ২০০ গজ দূরে রফিক তালুকদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর দুইটি মোটরসাইকেল যোগে চারজন অজ্ঞাতনামা আসামীরা বিকাশের ডিএসও কামরুজামান মিন্টুর ব্যবহৃত মোটরসাইকেলটি ধাক্কা মেরে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং চাকু দিয়ে ভয় দেখিয়ে পানিতে ফেলে জোরপূর্বক তার নিকট থাকা ৯,৯১,০০০ টাকাসহ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।

আসামিরা যাওয়ার সময় তাদের গায়ে থাকা তিনটি জ্যাকেট, একটি হাফ হাতা সোয়েটার, দুইটি শীতের টুপি ও মোটরসাইকেল কাগজপত্রসহ টাকার খালি ব্যাগ আলফাডাঙ্গা উপজেলার পানিপাড়া ব্রিজ এর নিচে ফেলে চলে যায়। এ ছিনতাইয়ের ঘটনায় জেমসন ইন্টারন্যাশনাল বিকাশ ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিএসএস মো. ফয়সাল ইসলাম রাজিব এর অভিযোগের ভিত্তিতে আলফাডাঙ্গা থানার মামলা নং-০৩, তারিখ- ১৩-০১-২০২, ধারা- ৩৯৪ পেনাল কোড রুজু হয়।

এরপর আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার তদন্তকারী কর্মকর্ত, পুলিশ পরিদর্শক (তদন্ত) আলফাডাঙ্গা থানা ফয়সাল আহমেদ ঘটনার সাথে জড়িত থাকায় আসামী আলফাডাঙ্গা পৌরসভার বুড়াইচ গ্রামের শামীম শেখ (৩৪) ও হিদাডাঙ্গা গ্রামের দিদার মুন্সি (৩২) কে গ্রেফতার করে। পরে তাদের তথ্য মতে ছিনতাইকৃত টাকার মধ্যে তিন লক্ষ টাকা উদ্ধার করে।

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে ঘটনাটি ঘটানোর পরিকল্পনা করছিল। আসামিরা আন্তঃজেলা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। পলাতক অপর দুই আসামি গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর