চট্টগ্রামে নগরীর কাজির দেউড়িস্থ নাসিমন ভবনের সামনে ছাত্র লীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ জানুয়ারী) বুধবার রাতে ঘটিত হামলার ঘটনায় ছয়জনকে গ্রেফতারের কথা জানায় কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, বুধবার (২০ জানুয়ারী) রাত ১১টার দিকে নগরীর কাজির দেউড়ি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিএনপি ও যুবদলের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় আরও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মো. মোশারাফুল হক চৌধুরী পাভেল বাদি হয়ে কোতোয়ালী থানায় উক্ত মামলা দায়ের করেন। উক্ত মামলায় ছয়জন ‘বহিরাগতকে’ গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
উক্ত বহিরাগতরা নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে নগর এলাকায় এসে জড়ো হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ছয়জন হলেন- চন্দনাইশ থানাধীন পূর্ব কেশুয়া এলাকার বদিউল আলমের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫), মহেশখালী থানাধীন সাইটপাড়া এলাকার রফিক আহমদের ছেলে মো. আজিজ (২৬), আনোয়ারা থানাধীন পূর্ব বড়ইয়া এলাকার এসএম বদরুদ্দোজার ছেলে এসএম তারেকুর রহমান রাকিব (২২), উখিয়া থানাধীন মরিচ্যা পাগলির বিল এলাকার সুলতান মিয়ার ছেলে মনির হোসেন (৩৫), পটিয়া থানাধীন দক্ষিণ আশিয়া এলাকার মো. জিয়াউদ্দিন বাবলু (২৬) ও রাউজান থানাধীন গহিরা বদুরঘোনা এলাকার হাসানের ছেলে রাশেদুজ্জামান (৩৩)।
এর আগে একই মামলায় আরও চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চারজন হলেন, কোতোয়ালী থানাধীন বদরপাতি খান বাড়ি এলাকার আবুল কালাম হানিফের ছেলে আলী হাসান রাজু (৪৫), একই এলাকার সেকান্দার মিয়ার ছেলে মো. মিন্টু প্রকাশ মিনু (৩৭), কলাবাগিচা শুটকিপট্টি এলাকার মো. ইসলামের ছেলে মো. নাছির (৪৫) ও পাথরঘাটা শেখ পাড়া এলাকার তোফায়েলের ছেলে কায়সার (৪০)।
বার্তাবাজার/পি