সুন্দরবনের ভারতের অংশ সীমাখালী খাল থেকে ২ বাংলাদেশির লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার(২১ জানুয়ারি) বিকালে লাশ দুটি উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে তাদের মৃত্যু বাঘের আক্রমণে, না গরু পাচারের সময় বিএসএফের গুলিতে হয়েছে, তা স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রতন ও মিজান গরু পাচারের সঙ্গে জড়িত। এলাকায় তারা গরু পাচারকারী হিসেবেই পরিচিত।
নিহতরা হলেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের কফিলউদ্দিনের ছেলে রতন (৪২) ও একই গ্রামের মনোমিস্ত্রির ছেলে মিজানুর রহমান (৪০)।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসিন চৌধুরী বলেন, সুন্দরবনের ভারতের অংশে বাংলাদেশি ২ ব্যক্তি বাঘের আক্রমণে নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে তাদের মৃত্যু বাঘের আক্রমণে, না গরু পাচারের সময় বিএসএফের গুলিতে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।
বার্তাবাজার/পি