গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম রিজ উদ্দিন। ভারতের দক্ষিন চব্বিশ পরগানার রিজ উদ্দিনের বাবার নাম আব্দুল গফুর মোল্লা। সে কিশোরগঞ্জ থেকে একটি মাদকের মামলায় আটক হয়ে এখানে অবস্থান করছিল।
শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল উদ্দিন জানান, সন্ধ্যা ৭টার দিকে রিজ উদ্দিনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে সুরতহাল প্রতিবেদন করা হবে।
এই ঘটনার পর শিশু উন্নয়ন কেন্দ্রের ফটক বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া ছাড়াও কর্তৃপক্ষের কেউ ফোন রিসিভ করছেন না।
তবে ওসি আমিনুল ইসলাম জানান, শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাদের মাধ্যমে জানতে পেরেছি শিশু নিবাসের একটি টয়লেটে লুঙ্গি ও গামছা দিয়ে গলায় ফাঁস নিয়ে ওই কিশোর আত্মহত্যা করেছে। তবে নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর।
বার্তাবাজার/এসজে