কাদের মির্জার নামে মামলা করলেন যুবলীগ নেতা

বহুল আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জার নামে আদালতে রিয়াজ উদ্দিন নামে এক যুবলীগ নেতা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) নোয়াখালীর সিনিয়র বিচারিক আদালতে এই মামলা দায়ের করেন তিনি।

মামলার বাদী রিয়াজ উদ্দিন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার ও একই ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

মামলা সূত্রে জানা গেছে, আব্দুল কাদের মির্জা সম্প্রতি বিভিন্ন বক্তব্যে নোয়াখালীর সাংসদ একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন জেহানসহ রিয়াজউদ্দিন ও তার দলের লোকজনের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেছেম। এতে তাদের ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

বাদীর আইনজীবী পলাশ চন্দ্র সাহা জানান, বাদী রিয়াজ উদ্দিন আব্দুল কাদের মির্জার নামে দণ্ডবিধির ২৯৮/৫০০/৫০১ ধারায় একটি অভিযোগ দায়ের করেছেন। গত ৫ জানুয়ারি তিনি একটি বক্তব্যে আপত্তিকর কথা বলেন বলে এই মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে আব্দুল কাদের মির্জা বলেন, অতীতেও আমার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হয়েছিল। এবার সত্য কথা বলায় দলের কিছু দুষ্কৃতিকারীর গায়ে লেগেছে।

বার্তাবাজার।এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর