স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের সমৃদ্ধি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মাদক নির্মূল করতে হবে। মাদক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমস্যা নয় এটি এখন জাতীয় সমস্যা। জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধেও যথাযথ পদক্ষেপ নিচ্ছে সরকার।
বুধবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় কক্সবাজার বিজিবি রিজিয়ন পর্যায়ে মাদক বিনষ্টকরণ অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে মাদক নির্মূলে বিজিবি, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ আইনশৃংখলা বাহিনী কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাইলে সমাজ থেকে মাদককে চিরতরে নির্মূল করতে হবে। সে জন্য নিজেদের অবস্থান থেকে জনগনকে এগিয়ে এসে সরকারের মাদক বিরোধী কার্যক্রমে সহযোগীতা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান ও বিজিবির অতিরিক্ত মহাপরিচালক খায়রুল কবির প্রমুখ।
স্বাগত বক্তব্যে বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জিরো টলারেন্স নীতিতে অনড় বিজিবি। সীমান্তে বিজিবির জোরদার ভূমিকার কারণে মাদক পাচার লক্ষ্যনীয় ভাবে হ্রাস পাচ্ছে।
অনুষ্টানে স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে বিগত ৩ বছরে বিজিবির বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত ৫৩৫ কোটি ৪ লক্ষ ৮১ হাজার ৬১২ টাকার বিভিন্ন প্রকার মাদক ও অবৈধ পণ্য বিনষ্ট করা হয়।
বার্তাবাজার/এ.আর