ঢাকার সকল খালে সীমানা পিলার দেয়া হবে: মেয়র আতিক

তুরাগ ও বুড়িগঙ্গা নদীর মতো রাজধানীর সকল খালে সীমানা পিলার স্থাপন করা হবে বলে জানান ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (২০ জানুয়ারি) কড্ডা খাল ও বাড্ডার সুতিভোলা খাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, আগামী ২৪ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের ২৬টি খাল নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বৈঠক রয়েছে। ওই সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র শেখ ফজলে নূর তাপসও থাকবেন। রাজধানীর খাল নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে আমরা আমাদের পরিকল্পনার কথা জানাব।

তিনি আরও বলেন, রাজধানীতে অবস্থানরত নদীগুলোতে যেমন সীমানা পিলার রয়েছে, সেভাবে ঢাকার খালগুলোতেও সীমানা পিলার দেয়া হবে। সীমানা নির্ধারণ করে দিতে ঢাকা জেলা প্রশাসনকে বলা হয়েছে। তারা সীমানা নির্ধারণ করে দিলে খালের ভেতর কোনো অবৈধ স্থাপনা থাকবে না।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরশনের অধীনে ১৩টি খাল রয়েছে। কিন্তু খাল কচুরিপানায় ভরা থাকায় পানি প্রবাহ নেই। এই কচুরিপানার মধ্যে লাখ লাখ মশার জন্ম হচ্ছে। এখন এসব খাল পরিষ্কার করে পানি প্রবাহ সচল করা হবে।

তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবার মশার উপদ্রব খুব কম। মশার উপদ্রব ভবিষ্যতে আরও কমিয়ে আনতে পারব। এভাবে ধীরে ধীরে নিরাপদ নগরী গড়ে তুলতে পারব।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর