পরীক্ষা দিতে না দেয়ার চবি’র শিক্ষার্থীদের আন্দোলন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) কর্তৃপক্ষ ১ম বর্ষের পরীক্ষায় উপস্থিতির হার কম থাকায় ১১ জন শিক্ষার্থীকে পরীক্ষার অনুমতি না দেয়ায় আন্দোলনে নেমেছেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে ইনস্টিটিউটের সামনে অবস্থান ধর্মঘট পালনের মাধ্যমে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ২০ জানুয়ারি বাংলা পরীক্ষার মধ্য দিয়ে দীর্ঘ ২৪ মাস ২০ দিন পর ১ম বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এ পরীক্ষাতেও ১১ জন শিক্ষার্থীকে উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। আগের ব্যাচগুলোতে উপস্থিতির হার কম থাকলেও জরিমানা নিয়ে পরীক্ষার অনুমতি দেওয়া হতো। কিন্তু এখন কারও আবেদন বা জরিমানা কোনোটিই গ্রহণ করছে না কর্তৃপক্ষ।

এমনকি গত ১৮ জানুয়ারি ৪ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরীক্ষার জন্য রাজি হলেও কর্তৃপক্ষ পরদিন সেটা নাকচ করে দেয়। কয়েক দফা আন্দোলনের পর গত ১০ জানুয়ারি ২০১৮-১৯ সেশনের ১ম বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল ইনস্টিটিউট কর্তৃপক্ষ। তবে উপস্থিতির হার কম থাকার কারণ দেখিয়ে আজ পরীক্ষার অনুমতি দেওয়া হয়নি। এজন্য আমরা আন্দোলনে নেমেছি।

চবি’র প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দেখেছি অনেকে বিভিন্ন কারণে অনুপস্থিত ছিল। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ইনস্টিটিউটের পরিচালকের কাছে তাদের পরীক্ষার বিষয়ে কথা বলেছি। তবে শিক্ষার্থীদের কাছ থেকে আগামীতে অনুপস্থিত না থাকার বিষয়ে একটি মুচলেকা দিয়েছে। আগামীতে সকলের উপস্থিতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর