বৌভাতের অনুষ্ঠান থেকে বর নিখোঁজ!

টাঙ্গাইলের সখীপুরে বিয়ের একদিন পর আহসান হাবীব রোমান (৩০) নামের এক বর নিখোঁজ হয়েছেন। উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, আহসান হাবীব রোমান একই গ্রামের মজিবর রহমানের ছেলে।

এ ব্যাপারে নিখোঁজ বরের পরিবারের পক্ষে রোববার দুপুরে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আহসান হাবীব রোমান পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে বিয়ের প্রস্তুতিও ছিল তার। ঈদের দুইদিন পর গত ৭ জুন শুক্রবার সখীপুর উপজেলার বহুরিয়া চতলবাইদ গ্রামের ফজলুল হক লিটনের মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। ওইদিনই কনেকে রোমানের বাড়িতে নিয়ে আসা হয়। পরের দিন শনিবার সকাল ১১টায় উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী বাজার থেকে বর রোমান নিখোঁজ হন।

রোমানের বড় ভাই সুমন রানা বলেন, বিশেষ কাজ আছে বলে স্থানীয় বাজারে রোমান গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল জায়গায় তাকে খোঁজে পাচ্ছি না বলে পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়েছেন।

রোমানের ফুফাত ভাই মোহাম্মদ মাসুম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক! নববধূ ঘরে রেখে কেউ কি হারিয়ে যায়!

রোমানের বাবা মজিবর রহমান বলেন, শনিবার আমাদের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়েছিল। বাড়িজুড়ে আত্মীয় স্বজনে ভরে গেছে। অথচ আমার ছেলে (বর) কাউকে কিছু না বলে বৌভাতের অনুষ্ঠান ফেলে কোথায় হারিযে গেলো জানি না।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। নিখোঁজ ব্যক্তি খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর