দফায় দফায় সংঘর্ষ: নারীসহ ১৫ জনকে অর্থদণ্ড-কারাদণ্ড

গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের আলফাডাঙ্গায় দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৩ নারীসহ ১৫জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়নের বেজীডাঙ্গা গ্রামে আলমগীর হোসেন গ্রুপের সাথে দবির শেখ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে রবিবার থেকে উভয়পক্ষ দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। সর্বশেষ মঙ্গলবার বিকালে সংঘর্ষ চলাকালে পুলিশ উভয়পক্ষের ৩ জন নারীসহ ১৫জনকে আটক করে।

পরে বুধবার সকালে এদের সবাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৭ ধারা মোতাবেক ওই এলাকার তাহাজ্জেদ মুন্সি, আক্কাস মল্লিক, ঠান্ডু মোল্যা ও সরোয়ার মল্লিককে ২৫ দিন বিনাশ্রম কারাদণ্ড, আব্দুল মান্নান, একরাম মল্লিক ও রাসেল মল্লিককে ১ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ইয়াসিন মোল্যাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, সোনালী খানমকে ২ হাজার টাকা, পলি বেগমকে ১ হাজার টাকা ও রেখা বেগমকে ২০ হাজার টাকা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সংঘর্ষের সময় ঘটনাস্থলে থাকায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আবুল কাসেমকে ৫ হাজার টাকা, সবুর শেখকে ৫ হাজার টাকা, কল্লোলকে ১০ হাজার টাকা অনাদায়ে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবল আলম বার্তা বাজারকে জানান, ‘ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৮ জনকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বার্তা বাজারকে বলেন, ‘ওই একাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশ সর্বদা তৎপর আছে।’

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর