বিশ্বকাপের চলতি আসরে সময়টা মোটেই ভালো যাচ্ছে না টাইগার ওপেনার তামিম খান ইকবালের। প্রথম তিন ম্যাচে করেছেন ১৬, ২৪ আর ১৯। নিজের এই পারফরম্যান্সে নিজেই সন্তুষ্ট নন তামিম । আর পারফরম্যান্স ভালো করতে অনুশীলনের বিকল্প কোথায়। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক তাই বৃষ্টিবাধা পেরিয়েই চলে গেলেন অনুশীলনে একাই।
আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে পৌঁছানোর পরই যেন ভূত ভর করেছে তামিম ইকবালের ওপর। প্রতি ম্যাচে আত্মবিশ্বাসী শুরুর পরও বড় ইনিংসের দেখা পাচ্ছেন না। কোথায় যেন একটা গড়বড় হয়ে যাচ্ছে। এদিকে প্রথম ম্যাচে রাজসিক জয়ের পর টানা দুই ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। সব মিলিয়ে কিছুটা চাপেই রয়েছেন টাইগার ওপেনার। রানে ফেরার তাগিদ থেকেই কিনা অনুশীলনে বেশি সময় দিচ্ছেন দেশসেরা এই ব্যাটসম্যান।
ইতিমধ্যে কার্ডিফ থেকে ব্রিস্টলে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ব্রিস্টলে রোববার টানা বৃষ্টি থাকায় অনুশীলন করতে পারেননি মাশরাফিরা। তবে তামিমের তো বসে থাকার জো নেই! বৃষ্টি উপেক্ষা করে অপারেশন্স ম্যানেজার সাব্বির খানকে সাথে নিয়ে ইনডোর স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়লেন তিনি। টানা এক ঘন্টারও বেশি সময় ব্যাট হাতে অনুশীলন করেন তামিম।গতকাল স্থানীয় সময় চারটায় ইনডোর স্টেডিয়ামে যান তামিম।
তামিমের অনুশীলন নির্বিঘ্ন রাখতে সেখানে সাংবাদিকদের প্রবেশের অনুমুতি দেওয়া হয়নি। তবে কিছু সময়ের জন্য ফটো সাংবাদিকরা প্রবেশের অনুমুতি পান। কারো সাথেই অবশ্য কথা বলেননি তামিম।
এবারের বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে (১১ জুন) ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেমিফাইনাল খেলার স্বপ্ন উজ্জ্বল করতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশই ফেবারিট। কাগজে-কলমে সেই হিসাবকে বাস্তবে অনূদিত করতে তামিমের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।