শনিবার ভার্চুয়ালি গৃহহীনদের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

কর্ণফুলীতে মাথা গোঁজার ঠাঁই পেল উপজেলার ৫টি ইউনিয়নের ভূমি ও গৃহহীন দরিদ্র ২৫টি পরিবারের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলার ভূমিহীন গৃহহীন অসহায় এসব পরিবারের মধ্যে উপহার দেওয়া হয়েছে এই আধাপাকা নতুন ঘরগুলো।

শনিবার (২৩ জানুয়ারী) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানা গেছে।

‘শেখ হাসিনার অবদান, গৃহহীনের বাসস্থান, ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার, এই শ্লোগানে ভূমি ও গৃহহীন পরিবারের স্থায়ীভাবে বাসযোগ্য বাসভবন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ২০১৬ সালে ৯ মে ১১২তম সভায় পশ্চিম পটিয়ার ৫টি ইউনিয়ন চরল্যা, জুলধা, চরপাথরঘাটা, বড়উঠান ও শিকলবাহা নিয়ে দেশের ৪৯০তম উপজেলা কর্ণফুলী উপজেলা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দেন। ২০১৬ সালে ১৯ জুলাই কর্ণফুলীকে উপজেলা গঠনের আদেশ জারি করা হয়। ২০১৭ সালের ২৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উপজেলার দাপ্তরিক কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন।

আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন কতৃক বাস্তবায়নাধীন প্রতিটি ঘরের জন্য বরাদ্ধ দেয়া হয়েছে এক লক্ষ ৭৫ হাজার টাকা। এ টাকায় ২০ ফুট বাই ২২ফুট প্রস্তের ২টি কক্ষ, একটি রান্না ঘর ও একটি টয়লেটসহ সামনে খোলা বারান্দা তৈরী করা হয়েছে।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা জানান, উপজেলায় ৫টি ইউনিয়নের ভূমি ও গৃহহীন দরিদ্র ২৫টি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম জাকারিয়া জানান, মুজিববর্ষের উপহার হিসেবে সরকার ক ক্যাটাগরিতে যারা ভূমিহীন ও গৃহহীন তাদের এবং খ ক্যাটাগরিতে যাদের ভূমি আছে কিন্তু গৃহ নেই তাদের নতুন ঘর তৈরি করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী শনিবার (২৩ জানুয়ারী) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর