ফরিদপুর-৪ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কুশপুত্তলিকা দাহ করেছেন নোয়াখালীর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর বসুরহাট পৌর আওয়ামী লীগ কার্যালয় থেকে নিক্সন চৌধুরী বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করে সেখানে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
জানা যায়, বসুরহাট পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জার এবং নোয়াখালীবাসীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে এই মিছিল বের করেন নেতৃবৃন্দ। মিছিল শেষে তারা এক বিক্ষোভ সমাবেশেরও আয়োজন করেন।
সমাবেশে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী প্রমুখ।
বার্তাবাজার/এসজে