ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের দায়ের করা মানহানির ২ মামলার আদেশ মঙ্গলবার (১৯ জানুয়ারি)।
মঙ্গলবার(১২ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আজকের দিন ধার্য করেন।
এর আগে, সোমবার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলা ২টির আবেদন করা হয়।
এক মামলার বাদী কাজী আনিসুর রহমান। অন্য মামলার বাদী অ্যাডভোকেট মো. সারোয়ার আলম। আদালত মামলা গ্রহণের বিষয়ে মঙ্গলবার আদেশ দেবেন বলে জানান।
মামলায় অভিযোগ করা হয়, গত ৯ জানুয়ারি হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে ফুলবাড়ীয়া মার্কেটের উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের মানববন্ধনে অংশ নেন সাবেক মেয়র সাঈদ খোকন। সেখানে তিনি বলেন, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসির) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। আমি তাকে বলব, রাঘববোয়ালের মুখে চুনোপুঁটির গল্প মানায় না। কেননা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম তার নিজেকে দুর্নীতিমুক্ত করতে হবে। অথচ তিনি উল্টো কাজ করছেন। দায়িত্ব গ্রহণের পর তাপস ডিএসসিসির শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তর করেছেন।
বার্তাবাজার/পি