বাঁশখালীতে দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) সকালে বাঁশখালী উপজেলা পরিষদের সামনে দারুল কারীম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী বেলালকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।
প্রায় ৫ শতাধিক শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাঁশখালী কওমী মাদ্রাসার পরিষদের সেক্রেটারী ও চেচুরিয়া আরবিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মো. ইসহাক, বাঁশখালী জলদী মকবুলিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মো. কাউছার, শীলকূপ মাইজপাড়া জামে মসজিদের খতিব মাওলানা এরশাদ উল্লাহ, দক্ষিণ জলদী দারুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শাহাব উদ্দিন, বাঁশখালী পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুল জব্বার, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহকারী অর্থ সম্পাদক মাওলানা আলমগীর ইসলামাবাদী, দারুল কারীম মাদ্রাসার শিক্ষক মাওলানা এরশাদুল হক, উপজেলা সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হোছাইন, দারুল কারীম মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ আবদুল মালেক প্রমুখ।
মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী বেলাল দাপটের সাথে এলাকায় সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। ইয়াবা সেবন ও ব্যবসা করে এলাকার যুব সমাজকে ধ্বংস করছে। সম্প্রতি অনুষ্ঠিত দারুল কারীম মাদ্রাসার সভায় তাকে দাওয়াত না দেয়ায় দিনদুপুরে প্রকাশ্যে মাদ্রাসার পরিচালক সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর ওপর হামলা চালিয়েছে চিহ্নিত সন্ত্রাসী বেলাল।”
এদিকে সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে থানায় মামলা দায়ের করা হয়েছে। অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসী বেলালকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বার্তাবাজার/এ.আর