ফরিদপুরে পোল্ট্রি মুরগির মাংসের খিচুড়ি খেয়ে এক পরিবারের ৬ সদস্যসহ ২১ জন অজ্ঞান হয়ে পড়েছেন। জ্ঞানহীন ওই ২১ জন বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বারোভাগিয়া গ্রামের কৃষক মো. সিরাজ মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সিরাজ মাতুব্বরের বাড়িতে দুপুরে খাবারের জন্য পারিবারিক ভাবে পোল্ট্রি মুরগী দিয়ে খিচুড়ি রান্না হয়। এই খিচুড়ি খেয়ে সিরাজ মাতুব্বরের পরিবারের ছয় সদস্য, আত্মীয়স্বজনসহ জমিতে পিয়াজ রোপনের কাজে নিয়োজিত আরো নয়জন শ্রমিক এক ঘন্টার মধ্যে একে একে করে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জ্ঞাহীনদের মধ্যে সিরাজ মাতুব্বর নিজেও রয়েছেন। এছাড়া তার পরিবারের তিন নারী ও এক শিশু রয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর ইসলাম বার্তা বাজারকে বলেন, খাদ্য খেয়ে জ্ঞান হারিয়ে ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের চিকিৎসা চলছে।
ফরিদপুর সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বার্তা বাজারকে জানান, এ বিষয়ে পুলিশের একটি প্রতিনিধি দলকে ঘটনাস্থল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শত্রুতাবশত কেউ ওই খাদ্যে কিছু মিশিয়ে দিতে পারে কিংবা চুরির মানসিকতা থেকেও এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এবিষয়ে তদন্ত করা হচ্ছে।
বার্তাবাজার/এ.আর