ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামীণ ফোনের টাওয়ারের মালামাল চুরি করার মুহুর্তে হাতেনাতে দুই চোরকে আটক করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়রি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলার দলিল রেজিস্ট্রার অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ফোনের টাওয়ারে এ ঘটনা ঘটে।
জানা যায়, টাওয়ারে ডোর এলার্ম সিকিউরিটি সিস্টেম চালু থাকায় রাত আনুমানিক ১১.৪৫ টার সময় টাওয়ার কক্ষের তালা কেটে ব্যাটারী চুরি করার সময় সার্ভারে কর্মরত ঢালী কনস্ট্রাকশন লিমিটেডের ইঞ্জিনিয়ার মো. খায়রুল ইসলামের মোবাইলে ডোর এলার্ম সিকিউরিটি থেকে একটি মেসেজ যায়। পরে টাওয়ারের নিকট পরিচিত নওশের নামে এক ব্যাক্তিকে ফোন করলে সঙ্গে সঙ্গে টাওয়ারের নিকট গেলে ভিতরে মানুষের শব্দ শুনতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে হাতেনাতে দুই চোরকে আটক করে।
আটককৃতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার মাচ্চর কোমরপুর গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে নাহিদ মোল্যা ও জেলার নগরকান্দা উপজেলার বানেশ্বরদী গ্রামের রশিদ শেখের ছেলে ইব্রাহীম শেখ।
পরবর্তীতে আটককৃতদের তথ্য মতে, তাদের সাথে আরো ৩ জন ছিলেন। তারা হলেন- লিটন পাঠান, আশিক ও আসাদ সহ আরো অজ্ঞাত ৫/৬ জনের যোগসাজশে চুরির ঘটনাটি ঘটায়।
এসময় ৩টি ব্যাটারী, একটি পিকআপ ভ্যান যার রেজি নং- (ঢাকা মেট্রো-ঠ ১১-৬১৬৮) এবং গ্রিলকাটার যন্ত্রপাতিসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে রবিবার রাতে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বার্তা বাজারকে বলেন, একটি পিকআপ গাড়ী ও কিছু মালামাল সহ ২জনকে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হবে।
বার্তাবাজার/এ.আর