পৌরসভার কর্মীদের বেতন দিতে না পারলে পরিষদ বাতিল

দেশের পৌরসভাগুলো যদি নিজেদের কর্মীদের বেতন টানা ১২ মাস দিতে ব্যর্থ হয় তবে সেই পরিষদকে বাতিলের লক্ষ্যে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের’ উদ্যোগে আয়োজিত এক ন্যাশনাল পলিসি ডায়ালগে তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, সিটি করপোরেশন, পৌরসভা তাদের নিজস্ব আইন অনুযায়ী চলে। নিজেদের আয়ে এসব প্রতিষ্ঠান পরিচালিত হবে এমনটাই আইনে বলা আছে। দেশের বেশিরভাগ পৌরসভা তাদের স্টাফদের বেতন দিতে পারে না উল্লে­খ করে মন্ত্রী বলেন, যে সব পৌরসভা তাদের জনবলের ১২ মাস পর্যন্ত বেতন দিতে পারবে না তাদের পরিষদ ভেঙে দেয়ার লক্ষ্যে পৌরসভার আইনকে সংশোধন করার উদ্যোগ নেয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো.জাহাঙ্গীর আলম, মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কতোয়াল প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর