অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ইনজুরির কারণে এখন পর্যন্ত ছয় তারকা ক্রিকেটারকে হারিয়েছে ভারত। অন্যদিকে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে যান দলটির অধিনায়ক বিরাট কোহলি।
এমন পরিস্থিতিতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণভাবে লড়ে যাচ্ছে ভারত। ভারত যে দৃঢ়তা দেখিয়েছে তাতে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।
নিজের ইউটিউব চ্যানেল শোয়েব বলেন, ভারতের বেশিরভাগ ক্রিকেটার ইনজুরিতে। তারা বাচ্চাদের (মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, অভিষিক্ত থাঙ্গারসু নটরাজন ও ওয়াশিংটন সুন্দরের কথা উল্লেখ করে) নিয়ে খেলছে। ভারত কখনো কল্পনা করেনি যে এই পরিস্থিতিতে খেলতে হবে।
তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে এবং ভারত তাদের আক্রমণ প্রতিহত করেছে। আমি বিশ্বাস করি এই অর্ধেক ভারতীয় দল পুরোপুরি ফিট অস্ট্রেলিয়ার চেয়ে অনেক ভালো।
উল্লেখ্য, ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩৩৬ রান করেছে ভারত। ষষ্ঠ উইকেটে ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুরের ১২৩ রানের জুটিতে লড়াই বেশ জমে গেছে। ৫৪ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
বার্তাবাজার/এস.জি