ফেব্রুয়ারিতে খুলছে স্কুল-কলেজ

আগামী ফেব্রুয়ারিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে প্রথমদিকে স্বাস্থ্যবিধি মেনে অল্প কিছু শিক্ষার্থী নিয়ে শুরু হবে পাঠদান কার্যক্রম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছেন, এই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান শিক্ষার্থীদের।

মাউশির একটি সূত্র জানায়, করোনার পরিস্থিতি বিবেচনা করে স্কুল কলেজের চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কওমী মাদ্রাসা সমূহ এই ছুটির আওতামুক্ত। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে মতামত নিয়ে এই ছুটি বাড়ানো হয়।

এদিকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য সিলেবাস তৈরী করে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নতুন করে আর বাড়ানো হবে না। আগামী মাসেই (ফেব্রুয়ারিতে) খুলে দেওয়া হবে সেগুলো। তবে তখন থেকে সব শিক্ষার্থীদের ক্লাস করানো হবে না। এসএসসি ও এইচএসসির প্রস্তুতির জন্য তাদের সিলেবাস সম্পূর্ণ করতে প্রথমে খুলে দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে অন্যগুলো।

জানা যায়, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে প্রতিদিন একটি করে ক্লাস নেওয়া হবে শিক্ষার্থীদের। এখন সেগুলোর জন্যই ক্লাস রুটিন প্রস্তুত করা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর