আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সবকিছু ঠিক থাকলে ঢাকা সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন সফরে আলোচ্য বিষয় ও সূচি ঠিক করতে আগামী ২৭ জানুয়ারি দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আরও আগে আমার যাওয়ার কথা ছিল। তখন সেখানে যেতে পারলে গত ১৭ ডিসেম্বর শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠকের প্রস্তুতিমূলক কাজ করা যেত। এখন জানুয়ারির শেষের দিকে যাওয়ার বিষয়টি ঠিক হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও পরবর্তীতে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার পরে যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানে অনেক সিদ্ধান্তের কথা আছে। সেগুলো এবং ২৬ মার্চ যখন আসবেন তখন কী আলোচনা করা যায় সেটির মধ্যে সমন্বয় করতে হবে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ৩ দিনের সফরে দিল্লিতে দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গেও বৈঠক করবেন তিনি। বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, রেল যোগাযোগ, বাণিজ্য ও করোনাভাইরাসের টিকা সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
গত ১৮ আগস্ট ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সে সময় তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। গত ডিসেম্বরে দিল্লি সফরে যেতে চেয়েছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। কিন্তু তিনি করোনা আক্রান্ত হওয়ার ফলে সেই সফর বাতিল হয়।
বার্তাবাজার/এস.জি