চতুর্থ ধাপের পৌর নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্বতঃস্ফূর্তভাবে দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন উপজেলা নির্বাচন অফিসে।
রোববার(১৭ জানুয়ারি) দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ সমর্থক ও ভোটারদের নিয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসেন নির্বাচন অফিসে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার জানান, এবারে মেয়র পদে ১২ জন মনোনয়ন ফরম কিনেছেন এবং ১২জনই জমা দিয়েছেন। এবং তাদের মধ্যে ৩ জন দলীয় ফরম মেয়র পদে জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের নৌকা প্রার্থী সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ধানের শীষ প্রার্থী মাহমুদুন্নবী পান্না বিশ্বাস এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক এর আলমগীর হোসেন।
তবে দলীয় প্রার্থীদের বিপরীতে এবার ৯ জন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র আলমগীর সরকার, গতবারের আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ছাত্রনেতা মোকাররম হোসাইন, সাবেক মেয়র মোখলেছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও উপজেলা আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মরহুম আবুল কাশেমের ছেলে নওরোজ কাউসার কানন, পৌর আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ভিপি রফিউল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও রাণীশংকৈল উপজেলা আ.লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মরহুম নুরুল ইসলামের ছেলে রকুনুল ইসলাম ডলার, পৌর আ.লীগের সদস্য ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক,আওয়ামীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ইস্তেকার আলী এবং বিশিষ্ট হোটেল ব্যবসায়ী সমাজ সেবক আব্দুল খালেক।
কাউন্সিলর পদে ৩৪ জন মনোনয়ন ফরম কিনলেন ও জমা দিয়েছেন ৩৩ জন। তবে মহিলা সংরক্ষিত আসনের ১৩ জন মনোনয়ন ফরম কিনলেন জমা দিয়েছেন ১৩ জনই।
নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার জানান, এবার রানীশংকৈল পৌরসভায় ভোটার সংখ্যা ১৪৭০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৩১২ জন এবং মহিলা ভোটার ৭৩৯০ জন।
বার্তাবাজার/এসজে