বোয়ালমারী পৌর নির্বাচন: সংঘর্ষে পুড়লো ভোট বাক্স, ভোট গ্রহণ স্থগিত

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে দুটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

পৌরসভার ৯ নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষে কুশাডাঙ্গা গ্রামের ১০-১২ টি বাড়িঘর ভাংচুর হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই জন। আহত উত্তম কুমার দাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও হাসান শেখকে বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, বেলা সাড়ে বারোটার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধ্যেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এই ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে জোর করে ভোট আদায়ের চেষ্টাকালে অন্য কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকেরা ঐক্যবদ্ধ হয়ে আক্রমণ করে। সহিংসতার এক পর্যায়ে ওই কেন্দ্রের ৭ টির মধ্যে ৫ টি ব্যালট বাক্স ছিনিয়ে নেয় উত্তেজিতরা। পরে একটি ব্যালট বাক্স উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারটি ব্যালট বাক্সের ব্যালট পেপার আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

ওই কেন্দ্রে কর্তব্যরত প্রিজাইডিং অফিসার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সৌমেন্দ্রনাথ রায় ঘটনার সত্যতা স্বীকার করে বার্তা বাজারকে বলেন, এ ঘটনায় ৪টি ব্যালট বাক্স খোয়া গেছে।

অপরদিকে ৬ নং ওয়ার্ডের ছোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটার দিকে বাবার পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বরত বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শুকুর শেখের মেয়ে একটি ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ওই কেন্দ্রে ঘন্টাখানেক ভোট গ্রহণ বন্ধ থাকে। এছাড়া অন্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার এ টি এম আজমল হোসেন বার্তা বাজারকে বলেন, মধ্যেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর