গত কয়েকদিন ধরে আলোচনায় থাকা নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে ভোটারদের লম্বা লাইনে ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৬১কক্ষে এই ভোট গ্রহণ কোনো রকম সংঘর্ষ ছাড়া অনুষ্ঠিত হওয়ার পর ফলাফলের অপেক্ষায়।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে এই ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রথমবারের মত এই পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটাররা।
সকাল থেকে কেন্দ্রে ভোটারদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল ৮ টার দিকে উদয়ন প্রি ক্যাডেট একাডেমীতে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাদের মির্জা, বসুরহাট এএইচসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী এবং বসুরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন নিজ নিজ ভোট প্রদান করেছেন।
সুষ্ঠুভাবে নির্বাচনের লক্ষে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার রবিউল আলম। তিনি বলেন, প্রতি কেন্দ্রে ৪ জন পুলিশ, ৯ জন আনসার নিয়োজিত রয়েছেন। এছাড়াও বিজিবি ৪ প্লাটুন, র্যাবের ৩টি টিম, স্ট্রাইকিং ফোর্স ২টি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯ জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ জন এবং পুলিশের ৯টি মোবাইল টিম কাজ করছে।
এ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে অন্য প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে কামাল উদ্দিন চৌধুরী এবং মোবাইল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোশারফ হোসেন। এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইতিমধ্যে কাদের মির্জা নিজেই বিভিন্ন সভা সমাবেশে সুষ্ঠু নির্বাচনের জন্য জোর দাবী জানানোর কারণে সারাদেশে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে এ পৌরসভা।