ভোট দিতে পেরে খুশি জহির উদ্দিন ও রমজান আলী

দ্বিতীয় ধাপে পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে। এরই মধ্যে অনেক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আজ শনিবার সারাদেশের ন্যায় দিনাজপুরের তিনটি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। সকালে থেকে দিনাজপুর পৌরসভার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারদের সরব উপস্থিতি।

কনকনে শীতের মধ্যেও সকাল বেলা ভোট কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এরকম দুজন ব্যক্তির সাথে কথা হয় দেশ রূপান্তরের প্রতিবেদকের সাথে। দিনাজপুর সরকারি কলেজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন মো. জহির উদ্দিন (৭৪)। তিনি ভোট দিয়ে নিজের আঙ্গুলের ছাপ উঁচু করে ধরলেন ক্যামেরার সামনে। জহির উদ্দিন জানালেন, ‘আমার বাড়ি সরকারি কলেজের কাছেই। আমি সকালেই ভোট দিতে এসেছি। ভোটের পরিবেশ অনেক সুন্দর। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আমি অসুস্থ্য মানুষ। সাথে আমার স্ত্রীও ভোট দিতে এসেছে।’

দিনাজপুর পৌরসভার লালবাগ এলাকার ভোটার মো. রমজান আলী। নিজে পায়ে হেটে চলতে পারেন না। ছোট সন্তান রমজান আলীকে হুইল চেয়ারে করে রামনগর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নিয়ে এসেছেন। তিনি জানালেন , ভোট দিতে এসেছি। নিজের ভোট নিজেই দিব, যাকে খুশি তাকেই দিব। কষ্ট করে হলেও আমার ভোট আমার পছন্দে প্রার্থীকে দিতে এসেছি।‘

দিনাজপুর পৌরসভার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল ৯টা পর্যন্ত ফকিরপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ভোট সেন্টারে ভোট পড়েছে ২৩৫টি। এছাড়াও সকাল ১০টা পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজ ভোট কেন্দ্রে ৫ হাজার ৯৬১ জন ভোটারের মধ্যে নারী পুরুষ মিলে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮০০ জন। মোটামুটি সব কেন্দ্রেই এরকম ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যাও বাড়ছে।

দিনাজপুর সরকারি কলেজে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করছেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। তিনি বলেন, ’ভোট সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণ করা হচ্ছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি শেষ পর্যন্ত এই পরিস্থিতি বিরাজমান থাকবে।’

দিনাজপুর পৌরসভায় ৪৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৩০ হাজার ৮০৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ২৬ জন এবং নারী ভোটার ৬৭ হাজার ৭৭৭জন।

এবার দিনাজপুর পৌরসভায় ৫জন মেয়র প্রার্থী ও ১২টি ওয়ার্ডে ৬৪ জন কাউন্সিলর প্রার্থী এবং ৪টি সংরক্ষিত নারী কান্সিলর পদের বিপরীতে ১৮জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এসব কেন্দ্রে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর