সম্প্রতি নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়া নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। ভোট গ্রহণের ৫ ঘণ্টার মধ্যে প্রায় ২৯ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিত লক্ষণীয় পর্যায়ে ছিলো। এখনও তা বিদ্যমান রয়েছে এবং নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে।
নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাদের মির্জা, বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ও জামায়াতে ইসলামীর মোশারফ হোসেন।
নির্বাচনকে ঘিরে আরও অধিক নিরাপত্তার জন্য থাকছে র্যাবের তিনটি টিম, বিজিবি ৪ প্লাটুন, পুলিশের মোবাইল টিম নয়টি, স্ট্রাইকিং টিম দুটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন।
বসুরহাট পৌরসভা নির্বাচনে প্রধান ২ দলের প্রার্থীসহ মেয়র প্রার্থী মোট ৩ জন, কাউন্সিলর ২৫ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৭জন। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত বসুরহাট পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১১৫, নারী ভোটার ১০ হাজার ৪৯৪, পুরুষ ১০ হাজার ৬২১ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম